
মিজানুর রহমান মিলন, শেরপুর :
শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আল্লাহ তায়ালা মানুষের জন্মের আগে থেকেই তার জন্য রিযিক নির্ধারণ করে রেখেছেন। আমাদের সবসময় মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী বিশ্বাস করে সমাজে কোনো উঁচু-নিচুর ভেদাভেদ থাকবে না। আমাদের লক্ষ্য হলো সমাজের সব বৈষম্য দূর করে একটি শক্তিশালী সামাজিক মেলবন্ধন তৈরি করা।” এ সময় তিনি সমাজের বিত্তবানদের এতিম শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “এই এতিমরাই একদিন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নামকরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে। তারা যেন কোনোভাবেই অভাব-অনাহারে না থাকে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।”
সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহানের সঞ্চালনায় জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, জেলা টাইলস এন্ড সেনেটারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ জাহান ইসলাম পরাগ সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শতাধিক এতিম শিশু অংশগ্রহণ করে। পনে দেশ, জাতি ও এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

