Home » শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের আগাম জামিন

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের আগাম জামিন

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন পাওয়া আসামিদের মধ্যে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলও রয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

উচ্চ আদালত থেকে রেজাউল করিম হত্যা মামলার ৪০ আসামির অন্তর্বর্তী জামিন প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

এদিকে উচ্চ আদালত থেকে প্রধান আসামিসহ ৪০ আসামির জামিন মঞ্জুরের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন নিহত জামায়াত নেতা রেজাউল করিমের স্ত্রী মারজিয়া। সোমবার বিকেলে শেরপুর শহরের মাধবপুর এলাকার প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী মারজিয়া এই প্রতিবাদ জানান। তিনি আসামিদের জামিন বাতিলে উচ্চ আদালতে আপীল দায়ের করার জন্য অ্যাটর্নী জেনারেলের প্রতি আবেদন জানান।

একইসঙ্গে মারজিয়া তাঁর স্বামী রেজাউল হত্যাকাণ্ডের বিচার দাবী করেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।
এ ঘটনায় নিহত রেজাউলের স্ত্রী মারজিয়া বাদী হয়ে গত ৩০ জানুয়ারি ২৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar