
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে জানুয়ারি-২০২৬ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শেরপুরে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে সকল স্তরের অফিসার-ফোর্স এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । পরে জানুয়ারি ২০২৫ খ্রিঃ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করেন।
অতঃপর জেলার প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিষ্পত্তির অগ্রগতি নিয়ে আলোচনা করাসহ থানা এলাকায় মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পুলিশ সুপার পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে থানা এলাকায় পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ প্রদানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ
মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান- আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

