
শেরপুর প্রতিনিধি:
শেরপুর পৌরসভার প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ও নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে পৌরসভার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন শেরপুর-(সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রাশেদুল ইসলাম বলেন, “পৌরসভা হলো নাগরিক সেবার প্রাণকেন্দ্র। সাধারণ মানুষ যাতে কোনো প্রকার ভোগান্তি ছাড়া সঠিক সময়ে সেবা পায়, সেটি নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে শেরপুর পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলতে হবে।”
সভায় পৌরসভার বর্তমান অবকাঠামোগত সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় পৌরসভার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

