
নিজস্ব প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ-কে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ শেরপুর ফোরাম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজধানীতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার শেরপুরবাসী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক সভাপতি মুহাম্মদ শাহজাহান চৌধুরী।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় ঢাকায় কর্মরত শেরপুরবাসী জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং অবকাঠামোগত অগ্রগতির বিষয়ে নবনির্বাচিত এমপির সঙ্গে আলোচনা করেন।
এ সময় হাফেজ রাশেদুল ইসলাম শেরপুর জেলাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও পরিকল্পিত জেলায় রূপান্তরের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
বক্তারা তাদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, শেরপুর-১ আসনের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা বিস্তার ও কর্মসংস্থান সৃষ্টিতে নবনির্বাচিত এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন, “নির্বাচনে বিজয় জনগণের। আমি শেরপুরবাসীর প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। উন্নয়নই হবে আমার রাজনীতির প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠান শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

