Home » শ্রীবরদীতে জামায়াত নেতা বাদলের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

শ্রীবরদীতে জামায়াত নেতা বাদলের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

মিজানুর রহমান মিলন, শেরপুর :

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সাবেক সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক)মরহুম নুরুজ্জামান বাদলের কবর জিয়ারত করেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলাম রাশেদ।

২২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের পোড়াগড় গ্রামে মরহুমের নিজ বাড়িতে গিয়ে তিনি কবর জিয়ারত করেন। একইসাথে তিনি প্রয়াত নেতার শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুম নুরুজ্জামান বাদলের কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন এমপি রাশেদুল ইসলাম এবং একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। জিয়ারত শেষে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

পরে এমপি রাশেদুল ইসলাম মরহুমের স্ত্রী নাসরিন বেগম, ছোট ভাই আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ এবং একমাত্র সন্তান নাজমুস সাকিবসহ পরিবারের অন্য সদস্যদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন।

এরপর তিনি নুরুজ্জামান বাদলের হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্কুলের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এরপর এমপি রাশেদুল ইসলাম শ্রীবরদীর বর্ষীয়ান জামায়াত নেতা গুরুতর অসুস্থ ডা. আব্দুল মমিনকে দেখতে তার বাড়িতে যান এবং তার চিকিৎসার খোঁজ নেন। এসময় তিনি উপস্থিত স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ,উপজেলা জামায়াতের আমীর আজহারুল ইসলাম মিস্টার, প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ, একমাত্র সন্তান নাজমুস সাকিব সহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *