
প্রথম সংবাদ ডেস্ক :
রেলসেবার মানোন্নয়ন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রেলকোচ সংস্কারে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনকালে মন্ত্রী রেলকোচের জানালার সংস্কারকাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় সংস্কারকাজে ব্যবহৃত উপকরণের মান, কাজের গুণগত মান ও স্থায়ীত্বের বিষয়ে গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, মানসম্মত সংস্কার, নিরাপদ যাত্রা ও উন্নত যাত্রীসেবা – রেলওয়ের প্রতিটি কার্যক্রমে এই লক্ষ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রেলকোচ সংস্কারে কোনো ধরনের গুণগত ত্রুটি যেন যাত্রীসেবার মানকে ব্যাহত না করে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন মন্ত্রী।
পরিদর্শনকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
