
শেরপুর প্রতিনিধি:
আগামী ১ ফেব্রুয়ারি রবিবার শেরপুরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি রবিবার সকাল সাড়ে ১০ টায় জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করার পর সকাল ১১ টায় জেলা শহরের ঐতিহ্যবাহী শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, জনসভাকে ঘিরে শেরপুর জেলাসহ আশপাশের অঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং জনমনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। জনসভাটি সফলভাবে সম্পন্ন করতে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম গঠনসহ যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
জামায়াত নেতারা জানান, জনসভায় আমীরে জামায়াত মূলত বর্তমান জাতীয় রাজনীতি, হারানো গণতন্ত্র পুনরুদ্ধার, দেশে সুশাসন প্রতিষ্ঠা, এবং জনগণের মৌলিক ও মানবাধিকার সংরক্ষণের বিষয়ে কথা বলবেন।
এছাড়াও দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে করণীয় সম্পর্কে তিনি বিশেষ দিকনির্দেশনা প্রদান করবেন।
শেরপুর জেলা জামায়াতের নেতৃবৃন্দ, শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠের এই জনসভা হবে একটি ঐতিহাসিক গণজাগরণ। এটি কোনো সাধারণ সমাবেশ নয়, বরং অধিকার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে।
গণতন্ত্র, ন্যায়বিচার এবং ইনসাফ কায়েমের এই আয়োজন সফল করার লক্ষ্যে শেরপুর জেলার সর্বস্তরের জনগণকে দলে দলে যোগ দিয়ে জনসভাকে সার্থক করার উদাত্ত আহ্বান জানানো হয়।
