
শেরপুর প্রতিনিধি:
আসন্ন ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুল হাসান লেবু মোল্লার সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর বিকেলে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা আমির আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৩নং বাজিতখিলা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
৩নং বাজিতখিলা ইউনিয়ন বিএনপির আহবায়ক সুলতান আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য মো. মেজবাউল হক শিবলু, শাহাজামাল, শফিকুল ইসলাম কাজী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান।
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন ৩নং বাজিতখিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছুরহাব উদ্দিন মোল্লা, ইউনিয়ন যুবদলের আহবায়ক মশিউর রহমান বাবু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রোহান মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজী প্রমুখ।
মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পদপ্রার্থী লেবু মোল্লা বলেন, আমি এই বাল্যজীবন থেকে আজকে অদ্যাবধি পর্যন্ত বিএনপির রাজনীতি করতে গিয়ে জেল জুলুম খেটেছি। আমার জীবনে ৩০ বছর ধরে আমি রাজনীতি করি। ১৭ বছর যারা আমার ওয়ার্ড বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন যারা নেতৃবৃন্দ ছিলেন যুবদল অঙ্গ দলের নেতৃবৃন্দ ছিলেন, প্রতিটি রাত আমি তাদেরকে ফোন দিয়ে বলছি সরে থাকেন ওই জায়গায় থাকেন ওই জায়গায় থাকেন এইভাবে থাকেন দিকনির্দেশনা দিয়েছি। পুলিশ যখন আমাকে প্রথমবার ধরে নিয়ে আমাকে রিমান্ডে নেওয়া হয় যখন বলে আপনার ইউনিয়ন বিএনপির কে কি নেতা আছে, আমি বললাম নেতা আমি একলাই আর নাই। পরবর্তীতে যখন ধরে নিয়ে গেলো বেশ কয়েকজনের নাম জিজ্ঞেস করেছে। আমি বললাম লাভ হবে না নেতা আমি একাই।
লেবু মোল্লা আরো বলেন, রাজনৈতিক জীবনে প্রতিটা সাবজেক্টে আমি পাস, দলীয় মনোনয়ন আমি পাবই, জেল জুলুম বললেও পাস, শিক্ষাগত যোগ্যতা বললেও পাস, তৃণমূলের রাজনীতি বললেও পাস, তৃণমূলের মতামত নিবেন, আজকে থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই আজকে আপনাদের মাধ্যমে এই সূক্ষ্ম পরিসরে শুধু আপনাদের সমর্থন নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমি বাজিতখিলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলাম। আমি বাজিতখিলার জনগনকে সাথে নিয়ে আবারো বাজিতখিলার মাটিতে বিএনপি সূর্য উদয় করব ইনশাল্লাহ। বাজিতখিলার মাটিতে আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকবেন।
মতবিনিময় সভায় কারাবরণকারী এবং তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত ও ত্যাগী নেতা ৩নং বাজিতখিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুল হাসান লেবু মোল্লাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন জানান এবং নির্বাচন সফল করতে নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
