Home » কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘস্থায়ী কিডনি রোগের সমন্বিত ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘস্থায়ী কিডনি রোগের সমন্বিত ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু

প্রথম সংবাদ ডেস্ক :

বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে অসংক্রামক রোগের (NCD) চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও দীর্ঘস্থায়ী কিডনি রোগের (CKD) সমন্বিত ডিজিটাল স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (MIS) ডিজিটাল প্ল্যাটফর্মে একটি বিশেষ ডিজিটাল মডিউল ব্যবহার করা হচ্ছে। icddr,b-এর কারিগরি সহায়তায় তৈরি এই মডিউলটি জাতীয় চিকিৎসা নির্দেশিকা অনুসরণ করে প্রণয়ন করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে দীর্ঘস্থায়ী কিডনি রোগ শনাক্তকরণ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ রোগের ব্যবস্থাপনা কার্যক্রমের সূচনা হয়েছে। একই ডিজিটাল মডিউলের মাধ্যমে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও দীর্ঘস্থায়ী কিডনি রোগের সমন্বিত ব্যবস্থাপনা চালু হওয়ায় অসংক্রামক রোগের চিকিৎসাসেবা জোরদার হবে এবং রোগীদের চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে।

এ কার্যক্রমের অংশ হিসেবে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৬ সালের ২৬, ২৮ ও ২৯ অক্টোবর চিকিৎসক, নার্স, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO)সহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য তিন দিনব্যাপী ডিজিটাল NCD সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও দীর্ঘস্থায়ী কিডনি রোগ শনাক্তকরণ, রোগ নির্ণয়, চিকিৎসা, ফলোআপ এবং রেফারেল কার্যক্রমে ডিজিটাল মডিউলটির ব্যবহারিক প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (MIS) যৌথ উদ্যোগে এবং icddr,b-এর সহযোগিতায় NIHR Global Health Research Centre for Non-Communicable Diseases and Environmental Change, Bangladesh প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও MIS-এর প্রশিক্ষকরা প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। তাঁদের মূল লক্ষ্য ছিল স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ডিজিটাল মডিউলটি ব্যবহারে দক্ষ করে তোলা, যাতে তাঁরা নিয়মিত রোগীসেবায় এটি কার্যকরভাবে প্রয়োগ করতে পারেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশীদ। তিনি বলেন, এখন থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের পাশাপাশি NCD কর্নারে দীর্ঘস্থায়ী কিডনি রোগের সেবাও শুরু হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (পার্সোনেল) ডা. কামরুল হাসান, হেলথ ইনফরমেটিকস ইউনিটের (HIU) প্রধান ডা. রেজাউল হক, সহকারি পরিচালক (এমআইএস) ডাঃ মোঃ বেলায়েত হোসেন, এবং icddr,b-এর সিনিয়র সায়েন্টিস্ট ও প্রকল্পের প্রধান গবেষক ডা. আলিয়া নাহিদ। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও MIS-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি আরও যুক্ত হন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উপপরিচালক (M&PDC) ডা. মাকসুদা খানম, সহকারী পরিচালক (CMRL) ও NCD কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. আব্দুল কাদের এবং স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাস্তবায়িত এ উদ্যোগের অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে সমন্বিত ডিজিটাল NCD সেবা সম্প্রসারণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *