
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে শহরের চাপাতলী গণকবরস্থানের সুরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। এরই অংশ হিসেবে গণকবরস্থানটির বাউন্ডারি ওয়াল নির্মাণে ইতোমধ্যে ৩ লাখ টাকা ব্যয়ে একটি অংশের কাজ সম্পন্ন হয়েছে।
গণকবরস্থানের একটি বড় অংশ এখনো উন্মুক্ত থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বাউন্ডারি ওয়াল সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ আরও ১৮ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। অনুদানের অর্থে বাউন্ডারি ওয়াল সম্প্রসারণসহ প্রয়োজনীয় উন্নয়নকাজ দ্রুতই শুরু হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বাউন্ডারি ওয়াল নির্মাণ ও সম্প্রসারণের ফলে চাপাতলী গণকবরস্থানের সুরক্ষা ও নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি কবরস্থানটির পরিবেশের মানোন্নয়ন এবং সার্বিক ব্যবস্থাপনায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।
জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনকল্যাণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। চাপাতলী গণকবরস্থানের উন্নয়ন প্রকল্পটিও সেই ধারাবাহিক উদ্যোগের একটি অংশ।
