
শেরপুর প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলা যুবদলের আয়োজনে শহরের থানা মোড়স্থ মুক্তমঞ্চে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে নবগঠিত জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক হাশেম আহাম্মেদ সিদ্দিকীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সমাবেশ শেষে থানা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
