Home » ময়মনসিংহে ব্রহ্মপুত্র-মহাস্থান মৈত্রী কাবাডি উৎসব অনুষ্ঠিত

ময়মনসিংহে ব্রহ্মপুত্র-মহাস্থান মৈত্রী কাবাডি উৎসব অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি:

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এবং ‘খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়কে সামনে রেখে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ব্রহ্মপুত্র-মহাস্থান মৈত্রী কাবাডি উৎসব-২০২৬।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নগরীর ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে আয়োজিত এ কাবাডি উৎসবে ময়মনসিংহ ও বগুড়ার ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজনকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।

ময়মনসিংহ কাবাডি একাডেমি ও বগুড়া কাবাডি একাডেমির অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি কাবাডি ম্যাচটি উপভোগ করতে মাঠে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়ানুরাগীরা। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ-০৪ আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-০৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা জরুরি। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে ওঠে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে মাঠমুখী করার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্রহ্মপুত্র-মহাস্থান মৈত্রী কাবাডি উৎসবের মধ্য দিয়ে ময়মনসিংহ ও বগুড়ার ক্রীড়াঙ্গনের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

কাবাডি বাংলাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলাগুলোর অন্যতম। গ্রামীণ জনপদ থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এ খেলাটির রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। দেশীয় এই খেলাকে আরও এগিয়ে নিতে নিয়মিত প্রতিযোগিতা ও উৎসব আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন ক্রীড়াসংশ্লিষ্টরা।

আয়োজকদের প্রত্যাশা, ‘খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই অঙ্গীকারকে সামনে রেখে ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। এর মাধ্যমে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা সম্ভব হবে।

দিনব্যাপী এ আয়োজন ঘিরে সার্কিট হাউজ মাঠে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ময়মনসিংহ ও বগুড়া কাবাডি একাডেমির খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ম্যাচটি দুই জেলার ক্রীড়াঙ্গনের বন্ধুত্ব ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *