
শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার দীর্ঘদিনের প্রাণের দাবি ও বহুল প্রত্যাশিত ‘শেরপুর সরকারি মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। প্রস্তাবিত মেডিকেল কলেজের জন্য নির্ধারিত বিভিন্ন জায়গা সরেজমিন পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
সোমবার (৮ জুন) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদের নেতৃত্বে পরিদর্শক দলটি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলটি শহরের নওহাটা পৌর কবরস্থান সংলগ্ন এলাকা, ইসলি বিল এবং শেরীব্রিজ সংলগ্ন পূর্ব ও পশ্চিম পাশের জায়গাগুলো ঘুরে দেখেন। মেডিকেল কলেজ স্থাপনের জন্য এসব জায়গার ভৌগোলিক অবস্থান, অবকাঠামোগত সুবিধা এবং পরিবেশগত উপযোগিতা যাচাই করাই ছিল এই পরিদর্শনের মূল লক্ষ্য।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডীন অধ্যাপক ডা. মো. রফিকুল হক, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বিএমডিসি মনোনীত অধ্যাপক ডা. মো. খালেকুল ইসলাম এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিনিধি মো. মকবুল হোসেন।
এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ,কে,এম জহিরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন এবং জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. ওয়াসেক-বিন-শহীদসহ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
মেডিকেল কলেজের প্রস্তাবিত জায়গা পরিদর্শনে বিশেষজ্ঞ দলের আগমনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে শেরপুরে চিকিৎসা সেবার মান উন্নয়নের পাশাপাশি আধুনিক চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
