
শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জেরে প্রান্তিক কলাচাষী সোলায়মানের ৫ শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। শুধু গাছ কেটে ক্ষান্ত হয়নি প্রভাবশালীরা, উল্টো ক্ষতিগ্রস্ত কৃষককে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে গত ১৬ নভেম্বর সোমবার সন্ধ্যায়, উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়াইলাকান্দা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়াইলাকান্দা গ্রামের মৃত আলহাজ্ব আইয়ুব আলীর দ্বিতীয় ছেলে মোহাম্মদ সোলায়মান প্রায় ৮ মাস আগে নিজের পৈতৃক ৩০ শতক জমিতে প্রায় ৫ শতাধিক কলার চারা রোপন করেন। নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলো বড় হচ্ছিল। আগামী রমজান মাসে এসব গাছ থেকে ভালো ফলন পাওয়ার আশা করেছিলেন এই প্রান্তিক কৃষক।
জানা যায়, গত ১৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় একই গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে প্রভাবশালী রাজু মিয়া পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে সোলায়মান মিয়ার বাগানে প্রবেশ করে এবং ৫ শতাধিক কলাগাছ নির্বিচারে কেটে ফেলে। এর পরদিন মঙ্গলবার সকালে ওই জমিতে জোরপূর্বক জোরপূর্বক হালচাষও শুরু করেন অভিযুক্ত রাজু মিয়া।
ভুক্তভোগী কলাচাষী সোলায়মান মিয়া বলেন, “কোনো কারণ ছাড়াই সোমবার সন্ধ্যায় লোকজন নিয়ে রাজু আমার বাগানে ঢুকে ৫ শতাধিক কলাগাছ কেটে ফেলে। এতে আমার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। পরদিন আমার পৈতৃক সম্পত্তিতে সে জোরপূর্বক হালচাষ করে। আমি বাধা দিতে গেলে সে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
স্থানীয় কৃষক সেজু মিয়া বলেন, “সোলায়মান কয়েক মাস আগে তার পৈতৃক সম্পত্তিতে কলার বাগান করেছিল। সোমবার সন্ধ্যায় রাজু এসে সেই গাছগুলো কেটে ফেলে।”
অপর স্থানীয় কৃষক সাফু মিয়া জানান, “৫ শতাধিক কলাগাছ নির্বিচারে কেটে সেই জমিতে হালচাষ করেছেন রাজু মিয়া। এতে সোলায়মানের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক সোলাইমান।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও কৃষকরা।
