Home » শেরপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

​শেরপুর প্রতিনিধি:

​ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের কথিত ষড়যন্ত্র এবং ব্যাংক খাতে সরকারের ও বাংলাদেশ ব্যাংকের ‘নগ্ন হস্তক্ষেপের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে “ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম”। রবিবার (২৪ মে) দুপুরে শেরপুর শহরের তেরাবাজার এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও ব্যাংকের গ্রাহকরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মকসুদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুস সোবহান, বিশিষ্ট ব্যবসায়ী ডা. হাসানুজ্জামান, জাহিদ আনোয়ার, শিক্ষক মাওলানা আতাউর রহমান এবং অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাওলানা নুরুল আমীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে জোরপূর্বক পদচ্যুত করার চেষ্টা চলছে, যা গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। তারা গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

ইসলামী ব্যাংকিং খাতের ওপর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ গ্রাহক সমাজ মেনে নেবে না এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *