
শেরপুর প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় সেলুন ব্যবসায়ী শ্রী রবীন্দ্র ঋষি হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যায় অভিযুক্ত সাদ্দাম হোসেনের ফাঁসির দাবিতে শেরপুরে মানববন্ধন করেছেন সেলুন শ্রমিকরা।
বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সেলুন ব্যবসায়ী রবীন্দ্র ঋষি হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যায় অভিযুক্ত সাদ্দাম হোসেনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার সভাপতি মো. দুলাল উদ্দিনের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মো. লিটন বেপারী, সাধারণ সম্পাদক শ্রী পলাশ চন্দ্র শীল, নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মনিন্দ্র ঋষি, সাধারণ সম্পাদক পরেশ ঋষি, শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন শাখার সভাপতি সুনিল রবিদাস, সাধারণ সম্পাদক সামলাল রবিদাস, ভাতশালা ইউনিয়ন শাখার সভাপতি শ্রী সুজন চন্দ্র ঋষি, সাধারণ সম্পাদক শ্রী সুবাশ চন্দ্র ঋষি, ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন শাখার সভাপতি শ্রী হৃদয় রবিদাস, সাধারণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র দাস সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।” ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিহত রবীন্দ্র ঋষির পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
