
শেরপুর প্রতিনিধি:
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশনায় আবারো ফিরলেন শেরপুরের চরাঞ্চলের কৃতি সন্তান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইলিয়াছ উদ্দিন।
দীর্ঘদিন জাপার রাজনীতি কর্মকান্ড থেকে দূরে থাকলেও দলের দুঃসময়ে জাতীয় পার্টির ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির শেরপুর -জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইলিয়াস উদ্দিন চেয়ারম্যানকে।
৩ ই অক্টোবর শনিবার জাপার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে জামালপুরের সরিষাবাড়ি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ জোয়াদ্দার ও সদস্য সচিব হিসেবে জামালপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক শিল্পপতি মো: জাকির হোসেনকে মনোনীত করা হয়েছে।
গঠন করা হয়েছে ১৭ সদস্য বিশিষ্ট জামালপুর শেরপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সমন্বয় কমিটি।
এ প্রসঙ্গে নবগঠিত কমিটির আহ্বায়ক ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি সাধারণ মানুষের দল।
পল্লী বন্ধু এরশাদ কে ভালোবাসি বলেই জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন থেকে সম্পৃক্ত রয়েছি। দলের হাই কমান্ড আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। আশা করছি জাপার হারানো গৌরবকে ফিরেয়ে আনতে আমরা সকল ভেদাভেদ ভুলে জামালপুর শেরপুর জেলায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাবো।
