
জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে টাইব্রেকারে মেলান্দহ উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সরিষাবাড়ী উপজেলা ফুটবল দল। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি।
খেলা শুরুর নির্ধারিত সময়ের আগেই জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো দর্শক স্টেডিয়ামে ভিড় করেন। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম পূর্ণ হয়ে গেলে অনেক দর্শককে মাঠের চারপাশে ও বিভিন্ন উঁচু স্থানে দাঁড়িয়ে খেলা দেখতে দেখা যায়। ম্যাচ শুরু হলে সরিষাবাড়ী ও মেলান্দহ দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে মেলান্দহকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সরিষাবাড়ী।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন সরিষাবাড়ী ও রানারআপ মেলান্দহ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিই প্রমাণ করে, বাংলাদেশের খেলাধুলা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই আয়োজন জামালপুরের মানুষের জন্য যেমন সৃষ্টি করেছে নির্মল আনন্দ ও বিনোদনের সুযোগ, তেমনি যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার ক্ষেত্রেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
