Home » ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজে ৭৮১ দিন নিয়মিত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ শফিউল আলম চাঁনকে সম্মাননা

ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজে ৭৮১ দিন নিয়মিত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ শফিউল আলম চাঁনকে সম্মাননা

শেরপুর প্রতিনিধি:

দুই বছরের বেশি সময় ধরে প্রতিটি কর্মদিবসে নিয়মিত উপস্থিত থেকে দায়িত্ব পালন এবং কলেজের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শেরপুরের ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি ও গভর্নিং বডির আহ্বায়ক আলহাজ্ব ম. শফিউল আলম চাঁনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ম. শফিউল আলম চাঁন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো. শামছুল আলম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. আবু খায়ের মোহাম্মদ কামাল হাসান, শিক্ষক প্রতিনিধি মো. সারোয়ার মোর্শেদ, ইউ.কে. লুৎফর নাহারসহ কলেজের শিক্ষকবৃন্দ।

কলেজ সূত্রে জানা যায়, ৫ আগস্ট ২০২৪ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মোট ৭৮১ দিনের সময়কালে প্রতিটি কর্মদিবসে নিয়মিত ও বিরতিহীনভাবে কলেজে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন আলহাজ্ব ম. শফিউল আলম চাঁন। এ দীর্ঘ সময়ে তিনি কলেজের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা, প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব পালন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখেন।

অনুষ্ঠানের একপর্যায়ে তাঁর এ দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান ও প্রধান বক্তা অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশের হাত থেকে আলহাজ্ব ম. শফিউল আলম চাঁন সম্মাননা স্মারক গ্রহণ করেন।

কলেজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ সময় ধরে নিয়মিত উপস্থিতি ও দায়িত্ব পালনের পাশাপাশি কলেজের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করা, শিক্ষার্থীদের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননা স্মারকে তাঁর দায়িত্বশীলতা, আন্তরিকতা, কর্মনিষ্ঠা ও প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরা হয়।

এদিকে নবীন বরণ অনুষ্ঠানে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন, শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডির সদস্য, নবীন শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে আলহাজ্ব ম. শফিউল আলম চাঁনের হাতে আনুষ্ঠানিকভাবে ‘সম্মাননা স্মারক’ তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *