Home » বৃষ্টিতে তলিয়ে গেছে আটপাড়ার হাঁসকুড়ি বিলের ধান

বৃষ্টিতে তলিয়ে গেছে আটপাড়ার হাঁসকুড়ি বিলের ধান

নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের হাঁসকুড়ি বিলে টানা অতি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিস্তীর্ণ বোরো ধানক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।
কুতুবপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম সামাল বলেন, “বৃষ্টিতে আমাদের হাঁসকুড়ি বিলে ধান পানির নিচে ডুবে গেছে। এমন ক্ষতি আগে কখনো দেখিনি। এখন আমরা কীভাবে চলবো, সেটাই বুঝতে পারছি না।”
আরেক কৃষক আজাদ বলেন, “আমি ২৪ কাটা জমিতে ধান লাগিয়েছিলাম। সব জমি পানিতে তলিয়ে গেছে। এখন পরিবার নিয়ে কী করবো বুঝতে পারছি না।”
কৃষক আল আমিন জানান, “কয়েকদিনের টানা ঝড়বৃষ্টিতে হাঁসকুড়ি বিলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটি ধানও ঘরে তুলতে পারিনি। সারা বছর এই ধানের ওপরই নির্ভর করি। এখন খুব কষ্টে দিন কাটাতে হবে। আমরা সরকারের সহযোগিতা চাই।”
এ বিষয়ে আটপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা বলেন, “ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। মাঠপর্যায়ে নিরূপণের কাজ চলছে। পরবর্তীতে প্রণোদনা এলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *