Home » শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন বুলবুল আহম্মেদ

শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন বুলবুল আহম্মেদ

শেরপুর প্রতিনিধি:

২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ। বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রিয় অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন।

এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জিপিএ-৫ প্রাপ্তিসাপেক্ষে প্রত্যেককে ল্যাপটপ উপহার দেওয়া হবে। ভালো রেজাল্ট প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী পড়ালেখায় কোন সমস্যায় পড়লে সকল সহযোগিতা করার আশ্বস্ত করেন। ছাত্র- ছাত্রীদের লেখাপড়ায় উৎসাহী করতে এমন ঘোষণা দেন।

তিনি আরো বলেন, যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে পরিশ্রমী হতে হবে। আর পরিশ্রমই হলো সফলতার মূল চাবিকাঠি। শুধু পড়ালেখা করলেই হবে না আমাদের সকলের মাঝে সততা এবং শৃঙ্খলা থাকতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফলই করলেই হবে না যদি আমাদের মাঝে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ না থাকে তাহলে এটারও কোন মূল্য থাকবেনা।

তিনি বলেন, সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। আর মাদকের ছোবল এবং স্যোসাল মিডিয়ার কুপ্রভাব থেকে নিজেদের হেফাজত করতে হবে।

বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা হেলাল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য মেজবাহুল ইসলাম শিবলু, জেলা সাইবার ফোর্সের আহবায়ক আজিজুর রহমান, সুলতানপুর টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সদর উপজেলা বিএনপির সদস্য ও ১নং ওয়ার্ডের মেম্বার লাল মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান সেলিম, মনোয়ার হোসেন, মকবুল হোসেন, জিএম ফরিদ সহ বিদায়ী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনায় মানপত্র পাঠ করে শোনায় দশম শ্রেণির শিক্ষার্থী।

বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা।

​আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা ও পরীক্ষার ভালো ফলাফলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *