
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন মেনে চলা, লেখাপড়ায় মনোযোগী হওয়া এবং নৈতিক মূল্যবোধ ধারণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
একাদশ শ্রেণিতে ভর্তি কমিটির আহ্বায়ক আলহাজ্ব ম. শফিউল আলম চান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো. শামছুল আলম, ময়মনসিংহ বোর্ডের ডিপুটি কন্ট্রোলার ড. আবু খায়ের মোহাম্মদ কামাল হাসান, শিক্ষক প্রতিনিধি মো. সারোয়ার মোর্শেদ, ইউ.কে. লুৎফর নাহারসহ কলেজের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনে সফল হতে হলে পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকতে হবে। সময়ের সঠিক ব্যবহার করে জ্ঞান অর্জন, নৈতিকতা ও শৃঙ্খলাকে জীবনের অংশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, রাত জাগার অভ্যাস কমাতে হবে। সঠিক সময়ে ঘুমাতে যেতে হবে এবং সঠিক সময়ে ঘুম থেকে উঠতে হবে। নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং একাদশ শ্রেণিতে ভর্তিকৃত বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
