
অনলাইন ডেস্ক :
শিক্ষকদের পাশে দাঁড়ানো : পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর এই শ্লোগানে বগুড়া শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে শেরপুর উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং শিক্ষক আব্দুস সালাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো: রফিকুল ইসলাম মিন্টু এবং শেরপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ-আল-মাহমুদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম তরফদার জিন্নাহ, প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, অধ্যক্ষ মো. আব্দুল হাই বারী, জয়লা জুয়ান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, শেরপুর শহীদিয়া কামিল স্নাতকোত্তার মাদ্রাসার অধ্যক্ষ মো. হাফিজুর রহমান, সহকারি অধ্যাপক মো. আশরাফুল আলম, মো. মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির পেছনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। তাই শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।
