Home » শেরপুরে পূজা উদযাপন কমিটির সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

শেরপুরে পূজা উদযাপন কমিটির সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

শেরপুর প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে আনন্দ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) দুপুরে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামের সভাপতিত্বে জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজার উদযাপন নির্বিঘ্ন করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং জেলা পুলিশের গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে পূজা উদযাপন নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে তিনি প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নৈশপাহারা ও রেজিস্টার সংরক্ষণ, পর্যাপ্ত আলো ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, অগ্নিনির্বাপক যন্ত্রের উপস্থিতি এবং নির্দিষ্ট সময়ে বিসর্জন সম্পন্ন করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেক ও আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে জোর দিয়ে পুলিশ সুপার আযান ও নামাজের সময় পূজা কার্যক্রম স্থগিত রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

​তিনি প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা এবং শহরে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানোর আশ্বাস দেন। পরিশেষে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

​এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ, জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ-সহ শেরপুর জেলার সকল উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *