Home » শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন শনিবার শেরপুর মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা(ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক-শিক্ষিকা, সুধীবৃন্দ এবং এ অনুষ্ঠানের প্রাণ, জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিযোগিতায় বিজয়ী হওয়াই মুখ্য নয়; বরং অংশগ্রহণের মধ্যেই নিহিত থাকে শেখা, আত্মবিশ্বাস অর্জন এবং এগিয়ে যাওয়ার প্রেরণা। তিনি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে শিক্ষকবৃন্দকে আরও উৎসাহ প্রদানের আহ্বান জানান।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ।” এ সময় তিনি সুস্বাস্থ্য, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপরও গুরুত্বারোপ করেন।
পরিশেষে তিনি সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরে অতিথিবৃন্দ ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *