
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মদানকারী শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে জেলা শহরের সজবরখিলাস্থ নেক্সাস পাবলিক স্কুলের হলরুমে এই সভার আয়োজন করে শেরপুর জেলা জামায়াতে ইসলামী।
শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তারবিয়াত বিভাগের সেক্রেটারি মাহফুজুর রহমান।
সভায় বক্তারা বলেন, “দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন এবং যারা আহত হয়ে দীর্ঘমেয়াদী ভোগান্তির শিকার হয়েছেন, তাদের এই ত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।”
অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল ও ডা. আনোয়ার হোসাইন, সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, পৌর শহর আমীর মাওলানা নুরুল আমিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. আব্দুল মতিন এবং জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফার্মাসিস্ট মাশহারুল ইসলাম মিল্লাত।
মতবিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা উপস্থিত থেকে তাদের অনুভূতি ও বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন।
