
শাহ আলী বাচ্চু জামালপুর থেকে।।
জামালপুরের মাদারগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দৈনিক যুগান্তরের মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি মির্জা হুমায়ুন কবীর সভাপতি এবং দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মির্জা হুমায়ুন কবীর ৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম জুলফিকার আলী বাবলু পেয়েছেন ৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করবেন । এদের মধ্যে খাদেমুল ইসলাম ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে প্রতিদ্বন্দ্বী এস এম হুমায়ুন কবির বক্কর ৪ ভোট এবং মোহাম্মদ শাহীন ৩ ভোট পেয়েছেন। প্রেসক্লাবের মোট ১৪ জন ভোটারের মধ্যে ১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম। এ ছাড়া পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আনিছুর রহমান।
নির্বাচনকে কেন্দ্র করে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের নীরবতা ভেঙে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ফিরে আসে প্রাণচাঞ্চল্য।
এদিকে সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে সামিউল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান সাইফুল, সাংগঠনিক সম্পাদক পদে বজলুর রহমান খান, অর্থবিষয়ক সম্পাদক পদে আল্পনা জান্নাত এবং দপ্তর সম্পাদক পদে ইউসুফ আলী।
নবনির্বাচিত সভাপতি মির্জা হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম তাদের নির্বাচিত করায় প্রেসক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রেসক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
