Home » ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য : এমপি হাফেজ রাশেদুল ইসলাম

ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য : এমপি হাফেজ রাশেদুল ইসলাম

 

শেরপুর প্রতিনিধি:

“আমি ক্ষমতার মোহ নিয়ে নয়, বরং জনগণের সেবক হতে এসেছি। ক্ষমতা আমার কাছে বড় নয়, মানুষের ভালোবাসাই বড়। আমি জনতার এমপি, জনতার মাঝেই চিরকাল থাকতে চাই।” নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলাম রাশেদ তাঁর নির্বাচনী এলাকা শেরপুর-১ (সদর) আসনের সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

শপথ গ্রহণের পর নিজ এলাকায় ফিরে হাফেজ রাশেদুল ইসলাম বিরতিহীনভাবে শেরপুর সদরের বিভিন্ন ইউনিয়ন ও পাড়া-মহল্লায় সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিপুল ভোটে নির্বাচিত এই জনপ্রতিনিধিকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন সাধারণ মানুষ।

নির্বাচিত হওয়ার পর বিশ্রামের বদলে এমপি রাশেদুল ইসলাম প্রতিদিন ছুটে যাচ্ছেন প্রান্তিক মানুষের কাছে। তিনি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগের মাধ্যমে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের অভাব, অভিযোগ ও প্রত্যাশার কথা শুনছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনারা আমাকে যে আমানত দিয়েছেন, আমি তার মর্যাদা রক্ষা করব। শেরপুর সদরের প্রতিটি উন্নয়নমূলক কাজ আপনাদের সাথে নিয়ে করবো।

গণসংযোগকালে তিনি স্থানীয় এলাকাবাসীর সাথে বিভিন্ন উন্নয়নমূলক সমস্যা নিয়ে আলোচনা করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়ন করা হবে।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা মনে করছেন, এমপির এই “সেবামূলক মানসিকতা” শেরপুর-১ আসনের সামগ্রিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *