
ময়মনসিংহ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ ও গণভোটকে সামনে রেখে মঙ্গলবার ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচন সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, মোঃ সাইফুর রহমান।
এ সময় জেলা প্রশাসক বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি শতভাগ মেনে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রকার অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন, সরিষা ইউনিয়ন এবং আঠারবাড়ী বাজার মোড় এলাকায় পৃথক পৃথক সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে উদ্বুদ্ধ করা হয় এবং নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই দিনে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
যৌথ মহড়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দল, প্রার্থী ও সাধারণ জনগণকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহ্বান জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
