
শেরপুর প্রতিনিধি :
শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলামকে বর্ণাঢ্য আয়োজনে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে শেরপুর সদর উপজেলার গাজিরখামার উচ্চবিদ্যালয় মাঠে গাজিরখামার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।
গাজিরখামার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: সামিউল আলম টুটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর -১ আসনের সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলাম।
এসময় তিনি বলেন, “তারা কান্দী পর্যন্ত যে রাস্তাটা আছে, এটাকে প্রথমত সোজা করা এবং দ্বিতীয়ত একটু প্রশস্ত করা। এটা যদি করা যায়, তাহলে ঢাকার সাথে যোগাযোগের জন্য আমাদের একটা বড় ধরণের পরিবর্তন আমরা করতে পারব। শেরপুর টু নালিতাবাড়ী রোডটা, এটা জামালপুরের ইসলামপুর থেকে এই রোডটাকে ২২ ফিট রাস্তায় আমরা উন্নীত করব। শেরপুরের প্রত্যেকটি ইউনিয়নে আমরা একটি করে মিনি স্টেডিয়াম করব।
এমপি আরো বলেন, যেখানে আমার দেশে ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ হয়, ৩ লক্ষ কোটি টাকা শুধু উন্নয়নের খাতে বরাদ্দ হয়, সেই দেশে রাস্তা নিয়ে চিন্তা করতে হয়, ভাবনা করতে হয়। কেন আপনারা জানেন? কারণ, এই দেশে বরাদ্দ হওয়ার সাথে সাথেই সেই টাকা চুরির জন্য হিরিক পড়ে যায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন, শুধু একটা মন্ত্রণালয়ের আওতায় কত হাজার কোটি টাকা ইতিমধ্যে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। যার কিছু অংশ ইতিমধ্যে তাদের নিজ নিজ এলাকায় ভাগ-বাটোয়ারা করে নিয়ে নিয়েছে। মন্ত্রী, মন্ত্রী তার নিজ সম্পত্তি এই সরকারে আসার সাথে সাথেই ৮০০ কোটি টাকা বেড়েছে। এটি হঠাৎ করে কেউ চোখে না পড়লে খেয়াল করবে না, কিন্তু ঘটনা ঘটে গেছে।
এমপি রাশেদুল ইসলাম আরো বলেন, গণভোট দিয়েছিলাম আমরা প্রায় ৭০ ভাগ মানুষ, সেখানে যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলাম আমরা, সেই গণভোট যদি বাস্তবায়ন হয়, তাহলে এই সমাজ থেকে দুর্নীতি দুর হবে এবং আমাদের সমাজের প্রকৃত উন্নয়ন, মানুষের সুখ-সমৃদ্ধি ফিরে আসবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য, মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাত, জেলা টাইলস মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ জাহান ইসলাম পরাগ।
এছাড়াও গাজিরখামার ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, বাজিতখিলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং গাজিরখামার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ সহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
