
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে কৃষকদের আধুনিক ও সহজতর সেবা প্রদানের লক্ষ্যে ‘কৃষক কার্ড’ প্রদানের জন্য ডাটা কালেকশন (তথ্য সংগ্রহ) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার ১০ নম্বর চরপক্ষীমারি ইউনিয়নের টাকীমারী ব্লকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, পৌরসভার পৌর প্রশাসক আরিফ সিদ্দিকা, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কৃষক।
সংশ্লিষ্টরা জানান, এই কার্ডের মাধ্যমে একজন কৃষক ১০টি গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ন্যায্য মূল্যে কৃষি উপকরণ ক্রয়, সহজ শর্তে কৃষিঋণ প্রাপ্তি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা সরাসরি গ্রহণ এবং মোবাইলে নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস পাওয়া।
