Home » ডিমলায় অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা

ডিমলায় অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা

 

(নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) খালিশা চাপানী ইউনিয়নের লালকুড়ার পাড়া এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে, বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় মাঠে সহযোগিতা করে ডিমলা থানার একদল চৌকস পুলিশ সদস্য। তারা অভিযানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ কর্মকাণ্ড রোধে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিস্তা নদী ও তার শাখা-খালসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, নদীর তীর ভাঙন তীব্র আকার ধারণ করছে এবং কৃষিজমির ক্ষয়ক্ষতি হচ্ছে। এসব গুরুতর বিষয় বিবেচনা করে উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আসছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির বলেন, “জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি আইনের আওতায় এনে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণে এসব অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar