Home » ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে বিভিন্ন সংগঠনের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে বিভিন্ন সংগঠনের পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহ প্রতিনিধি: 

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে ময়মনসিংহে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় আয়োজিত এসব কর্মসূচিতে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শাপলা মহিলা সংস্থার উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব আজিম উদ্দীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। তারা কর্মসূচিতে অংশ নিয়ে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

একই দিনে আল-মানযুর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতেও অংশগ্রহণ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুল ইসলাম। এ সময় তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্ব দেন।

কর্মসূচিতে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন দীর্ঘসময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, ড্রেন, পরিত্যক্ত পাত্র, টবসহ সম্ভাব্য সব স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়।

পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখার উদ্যোগ নেওয়া হয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিরও চেষ্টা করা হয়েছে। বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা স্থানীয়দের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি নিজেদের আশপাশের পরিবেশ নিয়মিত পর্যবেক্ষণ ও পরিষ্কার রাখার আহ্বান জানান।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। প্রশাসন, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

পরিচ্ছন্নতা ও জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গুমুক্ত ময়মনসিংহ গড়ার প্রত্যয় অব্যাহত থাকবে এমন প্রত্যয় ব্যক্ত করেন কর্মসূচিতে অংশ নেওয়া সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *