
নিজস্ব প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে কনকনে শীতের তীব্রতা উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগেই পূর্বাচলের পুরো ৩০০ ফিট সড়ক বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৭টায় ইতিহাসের সাক্ষী হতে কুয়াশামাখা ভোরে শীতের তীব্রতাকে উপেক্ষা করে পূর্বাচলে সড়কজুড়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুয়ে-বসে অপেক্ষা করছেন তারেক রহমানকে সংবর্ধনা জানাতে।
জানা যায়, গতকাল রাতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নেতাকর্মীরা।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। তাকে নজিরবিহীন গণসংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। সেই ক্ষণের সাক্ষী হতে বুধবার থেকেই পথে পথে ঢাকামুখী মানুষের ঢল নামে।
নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে সূচনা হবে নতুন অধ্যায়ের। ফিরে আসবে গণতান্ত্রিক ধারাবাহিকতা আর নতুন করে উজ্জীবিত হবে বিএনপির রাজনীতি। একইসঙ্গে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথাও বলছেন তারা।
নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের দেশে ফেরায় বিএনপির রাজনীতিতে আসবে নতুন মাত্রা। সব ষড়যন্ত্র ভেঙে তারেকের নেতৃত্বেই বাংলাদেশের রাজনীতি সাজবে নতুন করে। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয় এটি বিএনপির নেতাকর্মীদের কাছে আবেগ, প্রত্যাশা আর সম্ভাবনার এক নতুন অধ্যায়।
