
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আঘাত হানা আকস্মিক টর্নেডোর কবলে পড়ে বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাত্র দেড় থেকে দুই মিনিটের এই ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকা। ব্যাপক গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি প্রায় অর্ধশত কাঁচা ও টিনশেড ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৩ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামে এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হচ্ছিল। সকাল পৌনে ৯টার দিকে আকস্মিক তীব্র গতিসম্পন্ন টর্নেডোটি নন্নী পশ্চিমপাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যায়। ঝড়ের তোড়ে ওই গ্রামের একটি বড় গাছ উপড়ে পাশের একটি ঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা বেগম গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আকস্মিক এই ঝড়ে একজন বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। এছাড়া ঝড়ে ব্যাপক ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দুর্গত এলাকাগুলোতে খোঁজখবর নিচ্ছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রক্রিয়া শুরু করা হয়েছে।”
