
আমিরুল ইসলাম, নালিতাবাড়ী প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বী এক সেলুন ব্যবসায়ী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. নাসির হোসাইন।
রবিবার (২৫ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার পৌরশহরের আড়াইআনী বাজারের মার্কাজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওবায়দুল হক তাকে কালিমা পাঠ করান। ইসলাম ধর্ম গ্রহণকারী ওই ব্যক্তির আগের নাম শ্রী গনেশ। আড়াইআনী বাজারে ‘তিথি হেয়ার ড্রেসার’ নামে তার একটি সেলুনের দোকান রয়েছে। ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের ফেসবুক আইডির নামও পরিবর্তন করেছেন তিনি। আগে তার ফেসবুক আইডির নাম ছিল ‘শ্রী গণেশ’। বর্তমানে সেখানে নাম পরিবর্তন করে ‘মো. নাসির হোসাইন’ রেখেছেন।
নওমুসলিম মো. নাসির হোসাইন ইসলাম ধর্ম গ্রহণের কারণ সম্পর্কে বলেন, ‘ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য, বইপড়ে ও ওয়াজ শুনে আমি আকৃষ্ট হই। এরপর আমার কাছে মনে হয়েছে, একমাত্র ইসলাম ধর্মই সত্য ও সুন্দর। তাই আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি একজন মুসলমান হিসেবে সকল মুসলিম ভাইদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
