
ময়মনসিংহ প্রতিনিধি:
“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ‘ক্লিন সানডে’।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রশাসন, ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষা প্রতিষ্ঠান ও এর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা এবং শিক্ষার্থী, শিক্ষকসহ সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা।
কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব লুৎফুন নাহার। এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অন্যদিকে, একইদিনে শহীদ জাহিদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। তিনি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং ডেঙ্গু প্রতিরোধে নিয়মিতভাবে নিজ নিজ প্রতিষ্ঠান ও বসতবাড়ির পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেন।
‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, মাঠ, বারান্দা, ড্রেন, আশপাশের খোলা জায়গা ও অন্যান্য স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে পানি জমে থাকতে পারে এমন বিভিন্ন পাত্র ও স্থান পরিষ্কার করে এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসনের এ উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে সচেতনতা তৈরি হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়; বরং নিয়মিত চর্চার মাধ্যমে এটিকে সামাজিক অভ্যাসে পরিণত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সুস্থ পরিবেশ ও ডেঙ্গুমুক্ত ময়মনসিংহ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা প্রশাসনের ধারাবাহিক এ উদ্যোগের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণ সক্রিয়ভাবে যুক্ত হলে ময়মনসিংহে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
