
শেরপুর প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে শেরপুর জেলার তিনটি আসনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে শেরপুর-১ আসনে ৭ জন, শেরপুর-২ আসনে ৫ জন ও শেরপুর-৩ আসনে ৪ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিখন মিয়া, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি, স্বতন্ত্র প্রার্থী মোঃ ইলিয়াস উদ্দিন।
শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলাল ও প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খান। ইলিয়াস খান বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও দাখিলকৃত তার কাগজপত্রে দলীয় মনোনয়ন সংযুক্ত করা হয়নি।
শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা ও এনসিপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মান্নান।
উল্লেখ্য, আসন্ন সংসদ নির্বাচনে শেরপুর জেলার তিনটি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হলেন শেরপুর সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
