
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরে কৃষকের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় বিএডিসির এক সার ডিলারকে ১ লাখ টাকা এবং লাইসেন্স ছাড়াই সার বিক্রি করায় আরও এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আখেরমামুদ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ শাস্তি দেওয়া হয়।
সরেজমিন অভিযানে জানা যায়, আমন মৌসুমকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি করছিলেন। এসময় প্রমাণ মেলায় বিএডিসির ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা এবং লাইসেন্সবিহীন সার বিক্রির দায়ে শিশির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বলেন, “সরকারি নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির সুযোগ নেই। কৃষকের স্বার্থ রক্ষায় যেখানে অভিযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া বলেন, “কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমরা এই অভিযান পরিচালনা করেছি। কৃষি উৎপাদন ব্যাহত করার মতো কোনো প্রভাবশালী বা অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় কৃষকরা জানান, প্রতি আমন মৌসুমেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে তাদেরকে ক্ষতির মুখে ফেলছে। তবে প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে তারা স্বস্তি পেয়েছেন।
