Home » শেরপুরে প্রথম জামায়াতের এমপি হলেন কোরআনের হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুরে প্রথম জামায়াতের এমপি হলেন কোরআনের হাফেজ রাশেদুল ইসলাম

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি:

শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করে ইতিহাস গড়েছেন হাফেজ রাশেদুল ইসলাম। স্বাধীনতার পর শেরপুরের সংসদীয় রাজনীতির ইতিহাসে তিনিই প্রথম ‘হাফেজে কোরআন’ হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন।

রাশেদুল ইসলাম ১৯৯০ সালে শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নের কুমরী মুদিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আলহাজ মুহাম্মদ আবুল কাশেম ছিলেন একাধারে একজন শিক্ষাব্রতী, দ্বীনি জ্ঞানসম্পন্ন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনীতিবিদ। পাঁচ ভাই-বোনের মধ্যে রাশেদুল ইসলাম সর্বকনিষ্ঠ; তবে মেধা ও যোগ্যতায় তিনি পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করেছেন। তাঁর ভাই-বোনেরা সবাই দ্বীনি ও সাধারণ উভয় শিক্ষায় উচ্চশিক্ষিত এবং শিক্ষকতা পেশার সাথে যুক্ত।

ব্যক্তিগত জীবনে তিনি ২০২৩ সালে ডা. রুকাইয়া বিনতে সেলিমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তিনি এক সন্তানের জনক।

হাফেজ রাশেদুল ইসলামের শিক্ষাজীবন দ্বীনি ও আধুনিক শিক্ষার এক অপূর্ব সমন্বয়। কুমরী কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি কুমরী বাজিতখিলা মাদরাসা, ঘোনাপাড়া হাফেজিয়া মাদরাসা এবং ফারুকিয়া দারুসসালাম মাদরাসা থেকে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন।

এরপর আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে দাখিল এবং ঢাকার প্রখ্যাত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। উচ্চশিক্ষার জন্য তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও শিক্ষা-পিপাসু এই নেতা কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রফেশনাল আইটি বিষয়ে ডিপ্লোমা এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। একজন উচ্চশিক্ষিত হাফেজে কোরআনকে প্রতিনিধি হিসেবে পেয়ে শেরপুর-১ আসনের সাধারণ মানুষের মাঝে এখন নতুন আশার আলো সঞ্চার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *