
শেরপুর প্রতিনিধি:
”অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১১ টায় শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং বিশেষ অতিথি শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক মোঃ নাছিম উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।
এসময় বক্তারা, যেকোনো দুর্যোগ ও সংকটে ফায়ার ফাইটারদের সাহসিকতা, দ্রুত সাড়া প্রদান এবং অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে যেকোনো দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কমিয়ে আনা সম্ভব।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের আধুনিক উদ্ধারকারী ও অগ্নি-নির্বাপণ সরঞ্জামাদির প্রদর্শনী পরিদর্শন করেন পুলিশ সুপার। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি চৌকস ও দক্ষ দল দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতা ও একটি আকর্ষণীয় মহড়া প্রদর্শন করেন।
অনুষ্ঠানে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. জামিল আহমেদ সহ ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুর জেলার সদস্যরা উপস্থিত ছিলেন।

