
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পৌর শহরের কান্দাপাড়াস্থ ‘অর্কিড গার্ডেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শহর ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “রমজান মাস আমাদের ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দেশের উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এর আগে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সুধী সমাজের প্রতিনিধিদের সাথে কুশল বিনিময় করেন এমপি রাশেদুল ইসলাম।
পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।
এসময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, ডা. আনোয়ার হোসাইন, সূরা সদস্য মাওলানা আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ৫ শতাধিক লোক ইফতার মাহফিলে অংশ নেয়।
পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

