
শেরপুর প্রতিনিধি :
শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ইটভাটার মালিককে মোট ২০ লক্ষ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রিজওয়ানুল হক। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের কর্মচারীবৃন্দ।
অভিযানে সহায়তা করে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, শেরপুর পুলিশ লাইন্স এবং শ্রীবরদী থানার পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় শেরপুর সদর ও শ্রীবদী উপজেলার বিভিন্ন অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচরে মেসার্স এম এস জিগজ্যাগ ব্রিকসে ৪,০০,০০০ টাকা, ভায়াডাঙ্গা কন্টিপাড়ায় এবিএম অটো ব্রিকসে ৪,০০,০০০ টাকা, তাতীহাটী পোড়াগড়ে মেসার্স পিনাকী এন্ড কোং এ ৪,০০,০০০ টাকা, পশ্চিম ঝিনিয়া মেসার্স সততা জিগজ্যাগ অটো ব্রিকসে ৪,০০,০০০ টাকা এবং শেরপুর সদর উপজেলার যোগিমুড়ায় মেসার্স জিহান জিগজ্যাগ ব্রিকস-৪ এ ৪,০০,০০০ টাকা সহ ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
