
শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের বিবিধ কল্যাণ সাধনে শেরপুর পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ) সকাল ১১ টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
কল্যাণ সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মাধ্যমে শুরু করা হয়।
পরে সম্প্রতি পিআরএলগামী শেরপুর জেলা পুলিশের ২০ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকতার সাথে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অতঃপর পুলিশ সুপার জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেসকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শেরপুরে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে সকল স্তরের অফিসার-ফোর্স এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করে উপস্থিত সকলকে পেশাদারিত্ব বজায় রেখে দৈনন্দিন কার্যক্রম করার আহ্বান জানান।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, মেডিকেল অফিসার ডঃ শিবলী সামিউল তুষার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন-সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

