
অনলাইন ডেস্ক :
জাতীয় পর্যায়ের ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাঁদের মর্যাদাপূর্ণ জীবনযাত্রার পথ সুগম করতে যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রীড়া কার্ড প্রাপ্ত ব্যক্তিবর্গকে বিভিন্ন ধরণের সুবিধা প্রদানের লক্ষ্যে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। সভায় ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের জন্য গণপরিবহনে ভ্রমণ বিশেষ সুবিধা এবং স্বাস্থ্যসেবা, জীবনবীমা ও ঝুকিবীমা নিশ্চিত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন, বিআইডাব্লিউটিএ-এর সদস্য মো: মোয়াজ্জেম হোসেন, ডিএমটিসিএল-এর পরিচালক মো: আমিনুর রহমান, জীবন বীমা কর্পোরেশনের জিএম আবু নাইম মো: মারুফ খান, বাংলাদেশ নৌপরিবহন মালিক সমিতির মহাপরিচালক ছিদ্দুকুর রহমান পাটোয়ারীসহ পরিবহন খাতের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
