Home » জামালপুরে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

জামালপুরে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

শাহ আলী বাচ্চু জামালপুর থেকে।।

জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজিত “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যেকে সামনে রেখে পালিত হয়েছে অনুষ্টিত হয়েছে এই কর্মসূচি।

২৬ নভেম্বর সকালে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের এমপি এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরও আধুনিক, উন্নত ও লাভজনক উৎপাদনমুখী করতে হলে খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নত জাতের পশু-পাখি, আধুনিক প্রযুক্তি এবং সরকারি সহযোগিতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের স্বাবলম্বী করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান এবং জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর।

অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জামালপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ছানোয়ার হোসেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এ সময় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *