Home » ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বহুল আলোচিত শিশু ইলিয়াছ আলী হত্যা মামলার অন্যতম পলাতক আসামি নাসির উদ্দিন (৪৭)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, জামালপুরের সিপিসি-১ এর একটি আভিযানিক দল।
র‌্যাব-১৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শিশু ইলিয়াছ আলী (১০) ঝিনাইগাতী উপজেলার গান্দিগাঁও এলাকার গাজীর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে প্রতিবেশী নাসির উদ্দিন ও তার সহযোগীদের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতা চলছিল। গত ১০ সেপ্টেম্বর ২০২৫ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর ইলিয়াছ নিখোঁজ হয়। পরদিন তার বাবা ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে ১১ সেপ্টেম্বর গভীর রাতে স্থানীয় কালঘোষা নদী থেকে ইলিয়াছের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায়। এ ঘটনায় নিহতের বাবা গাজীর রহমান বাদী হয়ে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে র‌্যাব-১৪ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাব জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *