
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় শিক্ষা, যোগাযোগ অবকাঠামো, কৃষি তথ্য সংগ্রহ এবং মানবিক সহায়তা কার্যক্রমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন, পরিদর্শন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন গেস্ট অব অনার এবং প্রধান অতিথি হিসেবে নীলফামারী সংরক্ষিত মহিলা আসন-৪ এর সংসদ সদস্য রেহানা আক্তার রানু এ কর্মসূচিতে উপস্থিত থেকে অংশ নেন।
শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচির শুরুতে ঝুনাগাছ চাপানী এলাকার শহীদ জিয়াউর রহমান কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। পরে খালিশা চাপানীর তুহিন বাঁধ সড়কের উদ্বোধন এবং ডিমলা ইসলামিয়া কলেজের ঊর্ধ্বমুখী ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
এরপর ডিমলা শিশু কলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স, পানির পট এবং চারাগাছ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে শিক্ষা-সহায়ক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে তারা কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ, প্রকৃত কৃষকের অন্তর্ভুক্তি এবং সেবাপ্রাপ্তি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
দিনের শেষ পর্বে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো, ইমরানুজ্জামান। অতি দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন, দুস্থ রোগীদের মাঝে অনুদানের চেক এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার,কমিউনিটি ক্লিনিকে বিপি মেশিন,ওয়েট মেশিন,ও ডায়াবেটিস মেশিন এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে উচুঁ নিচু বেঞ্চ ও সিলিং ফ্যান বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রেহানা আক্তার রানু এমপি বলেন, উন্নয়ন কেবল নির্মাণকাজেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষা, কৃষি, যোগাযোগ ও মানবিক সহায়তার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোই প্রকৃত উন্নয়ন। তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো,মিজানুর রহমান, সহকারী কমিশনার(ভুমি) রওশন কবির, জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক রইসুল আলম চৌধুরী,মহিলা নেত্রী অধ্যাপিকা সেতারা সুলতানা, গোলাম রব্বানী প্রধান, অধ্যক্ষ, মনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল-বান্না,স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
