
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের টহল ও জরুরি সেবার কার্যক্রম আরও গতিশীল করতে একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে। রবিবার (২ আগস্ট) সকালে ঝিনাইগাতী থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মেজবাউল হক বাবু শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের হাতে গাড়ির চাবি তুলে দেন।
শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের উদ্যোগে এবং ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ঝিনাইগাতী থানার ব্যবহারের জন্য পিকআপ ভ্যানটি উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নতুন এই পিকআপ ভ্যান যুক্ত হওয়ায় থানা পুলিশের টহল কার্যক্রম, অপরাধ দমন, উদ্ধার অভিযান এবং জরুরি সেবা আরও কার্যকর হবে। বিশেষ করে সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে থানার বিদ্যমান দুটি গাড়ির পাশাপাশি নতুন এ যানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের বাবা, প্রয়াত সংসদ সদস্য ডা. সেরাজুল হকের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এ ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান প্রদানও সেই ধারাবাহিক জনকল্যাণমূলক উদ্যোগের অংশ।
